জেএসসি-জেডিসিতে বসছে সোয়া ২৩ লাখ পরীক্ষার্থী

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ১৬:২১
 
আগামী ১ নভেম্বর থেকে শুরু হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৩ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরীক্ষার বিভিন্ন দিক তুলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। এবারও বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হবে।
 
তিনি জানান, এবারের ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ লাখ ৪৩ হাজার ২৬৩ জন ছাত্রী ও ১০ লাখ ৮২ হাজার ৬৭০ জন ছাত্র। এসব শিক্ষার্থীদের মধ্যে জেএসসি পরীক্ষা দেবে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন। আর জেডিসিতে শিক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৫৮ হাজার ৪৮৬ জন।
 
শিক্ষামন্ত্রী জানান, এবার দুই হাজার ৬২৭টি কেন্দ্রে ২৮ হাজার ৬৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫৮৫ জন।
 
শ্রবণ প্রতিবন্ধীসহ অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবেন।
 
মন্ত্রী জানান, প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রালপলসি) পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় বৃদ্ধিসহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দেওয়া সুযোগ দেয়া হবে।
 
তিনি বলেন, এই পরীক্ষায় বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নপত্রে দুটি বিভাগ থাকলেও দুটি অংশ মিলে ৩৩ পেলেই পাস বলে গণ্য হবে।
 
প্রশ্নফাঁসের বিষয়ে নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখন প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া খুবই কঠিন হবে। বিজি প্রেস থেকে কেউ প্রশ্ন নিয়ে আসা তো দূরে থাক, প্রশ্ন মুখস্ত করেও আসতে পারবে না।
 
জেএসসি সূচি
 
১ নভেম্বর বাংলা প্রথম পত্র, ২ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ৩ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ৪ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৮ নভেম্বর গণিত/সাধারণ গণিত বিষয়ের পরীক্ষা হবে।
 
এছাড়া ৯ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা; ১১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ১২ নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ১৫ নভেম্বর বিজ্ঞান, ১৬ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা, ১৭ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হাস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি এবং ১৮ নভেম্বর চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হবে।
 
জেডিসি সূচি
 
১ নভেম্বর কুরআন মাজীদ ও তাজবিদ, ২ নভেম্বর আকাইদ ও ফিকহ, ৩ বাংলা প্রথম পত্র, ৪ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৮ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ৯ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ১১ নভেম্বর আরবি প্রথম পত্রের পরীক্ষা হবে।
 

জেডিসিতে ১২ নভেম্বর আরবি দ্বিতীয় পত্র, ১৪ নভেম্বর গণিত, ১৫ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ১৬ নভেম্বর সামাজিক বিজ্ঞান (শুধু অনিয়মিত), বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১৭ নভেম্বর বিজ্ঞান, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (শুধু অনিয়মিত) ১৮ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি (শুধু অনিয়মিত) বিষয়ের পরীক্ষা রয়েছে।