চুয়াডাঙ্গায় চার বছরের শিশু সন্তানকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিক এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের রায় দেয়া হয়েছে।
বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিরীন কবিতা আখতার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা গেছে, জেলার আলমডাঙ্গা থানার পারলক্ষীপুর গ্রামের কালু মৃধা ২০১৩ সালের ৭ ডিসেম্বর রাতে গাঁজা কেনার টাকা না পেয়ে স্ত্রী খাদিজা খাতুনকে মারপিট করে। স্ত্রী ঘুমিয়ে গেলে রাত ১০টার দিকে কালু মৃধা তার নিজের শিশু সন্তান মুস্তাকিম ওরফে নয়নকেও (৪) লাঠিপেটা করে। এতে ঘটনাস্থলেই মুস্তাকিম মারা যায়। সকালে ঘুম থেকে উঠে চৌকির নিচে ছেলের লাশ দেখে চিৎকার করে ওঠে স্ত্রী খাদিজা খাতুন। ওইদিনই কালু মৃধাকে আসামি করে খাদিজা খাতুন হত্যার অভিযোগ এনে মামলা করেন।
২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি আলমডাঙ্গার তিওরবিলা ক্যাম্প ইনচার্জ এসআই আছের আলী তদন্ত শেষে কালু মিয়াকে আসামি করে আদালতে চার্জসিট দাখিল করেন।
