এবার ফিফাকে এফএ’র হুমকি

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ২০:৪৪
 
২০১৮ বিশ্বকাপের আয়োজক কে হবে? তা নিয়ে ভোটাভুটির আগেই ঠিক হয়ে গিয়েছিল রাশিয়ার নাম। গত বুধবার বাংলাদেশ সময় মাঝরাতে রাশিয়ার বার্তা সংস্থা তাসের সঙ্গে বিশেষ এক সাক্ষাতকারে সেপ ব্ল্যাটার এই তথ্য প্রকাশ করার পর ঘটনা গড়িয়েছে আরো।
 
বৃহস্পতিবার ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ’র প্রধান গ্রেগ ডাইক ইঙ্গিত দিয়েছেন, ঐ বিশ্বকাপের আয়োজক হতে ইংল্যান্ড যে বিপুল পরিমান অর্থ খরচ করেছে তা উদ্ধার করতে আইনের আশ্রয় নিতে যাচ্ছেন তারা। যদি এফএ শেষ পর্যন্ত এ পথেই হাঁটে তাহলে সেটা ফিফা তথা ব্ল্যাটারের ভবিষ্যত আরো কুয়াশাচ্ছন্ন করে তুলবে সন্দেহ নেই।
 

ব্ল্যাটারের ঐ সাক্ষাতকারের পরপরই নিজেদের আইন বিশেষজ্ঞদের সাথে এই অর্থ আদায় করা নিয়ে বিশেষ বৈঠকে বসে এফএ। এরপরই ডাইক সাংবাদিকদের ইঙ্গিত দেন ব্ল্যাটার-ফিফার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার আশ্রয় নিতে যাচ্ছেন তারা। পাশাপাশি জানান, ব্ল্যাটারের বক্তব্যে মোটেই অবাক হননি তিনি, ‘তার বিবৃতি আমাকে বিস্মিত করেনি। আমরা অবশ্যই এ ব্যাপারে (অর্থ ফেরত আনা) আলোচনা করবো এবং এটা খুব ভাল একটা ব্যাপার হবে সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের অর্থ ফেরত দেবে কে? ফিফা? করদাতাদের অর্থ ফেরত আনতে পারলে দারুণ একটা ব্যাপার হবে সেটা।’