ঢাকায় মেট্রো রেলের পাশাপাশি পাতাল রেল নির্মাণ করা হবে। প্রকল্প তৈরির কাজ শুরু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনা কমিশনকে নির্দেশনা দিয়েছেন। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, ঢাকায় মেট্রো রেলের পাশাপাশি পাতাল রেল নির্মাণের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী খুব শীঘ্রই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দিয়ে একটি সমীক্ষা চালানো হবে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকল্প তৈরি করা হবে। পাতাল রেলের অর্থায়নের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কাইল পিটারস বলেছেন, পাতাল রেল প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করবে।গতকাল শেরে বাংলানগরস্থ এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬৩৮৭ কোটি টাকা ব্যয় সম্বলিত ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৪১৯৭ কোটি টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ২১৬৫ কোটি টাকা।
একনেকে অনুমোদিত অন্যান্য প্রকল্প হচ্ছে, ১৮২ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম এবং খুলনায় বিএসটিআই এর আঞ্চলিক অফিস স্থাপন ও আধুনিকীকরণ প্রকল্প। ৪৬৮ কোটি টাকা ব্যয়ে বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ১৬৮ কোটি টাকা ব্যয়ে ডাল ও তেল বীজ উত্পাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প, ১০৫ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে পরিকল্পনা বিভাগ/কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক ভবন নির্মাণ প্রকল্প এবং ৪৫৮ কোটি টাকা ব্যয়ে ঢাকাস্থ মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৬০৮টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প, ৪৮ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিপ মডেল টেস্টিং সেন্টার স্থাপন (টোয়িং ট্যাংক) প্রকল্প। এছাড়া সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট পোগ্রাম প্রকল্পটির মূল ব্যয় ১৬৫৮ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৩৮২৬ কোটি টাকা করে ১ম সংশোধন অনুমোদন করা হয়।
