দেম্বেলেকে সুয়ারেজের পরামর্শ

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২১:৩২

সতীর্থ ওসমানে দেম্বেলেকে ফুটবলে আরো মনোযোগী হতে বললেন লুই সুয়ারেজ। গত সেপ্টেম্বরের পর থেকে লা লিগায় শুরুর একাদশে নেই বার্সেলোনার এই উইঙ্গার। এমনকি লিওনেল মেসি যে মাঝে ইনজুরির কারণে খেলতে পারেননি, সেই সময়েও ডাক পাননি দেম্বেলে। ক্যাম্প ন্যুতে বর্তমানে তার এতটাই দুর্দশা চলছে। সম্প্রতি রিয়াল বেটিসের বিরুদ্ধে খেলায় তিনি একেবারেই উপেক্ষিত ছিলেন। কোচ আর্নেস্তো ভালভার্দে অবশ্য এর সাথে শৃঙ্খলাজনিত কোনো কারণ আছে কিনা, তা স্বীকার করেননি। যদিও স্পোর্ট পত্রিকা জানায়, বার্সেলোনার পক্ষ থেকে দেম্বেলেকে চূড়ান্তভাবে সতর্ক করে দিয়ে মনোভাব বদলাতে বলা হয়েছে। সুয়ারেজ তার ব্যাপারে সহানুভূতিশীল। তাই উরুগুয়ে ফরোয়ার্ডটি তার ফ্রান্স সতীর্থকে বলেন, ‘আমি মনে করি তার উচিত নিজের ফুটবলে আরো মনোযোগী হওয়া এবং দায়িত্বশীল হওয়া।’