ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তার সঙ্গে ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাগণ।
উল্লেখ্য, ক-ইউনিটে ১৬৬০টি আসনের জন্য মোট ৭১ হাজার ৩৫০ জন জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৭৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এসব তথ্য জানানো হয়েছে।
