যশোরের বাঘারপাড়ায় শালিস বৈঠকে মারপিটের শিকার হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত হামিদ আলী মোল্যা (৭০) বাঘারপাড়া উপজেলার নিত্যানন্দপুর গ্রামের আলিম উদ্দিন মোল্যার ছেলে। জমি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাইপোর মারপিটের শিকার হন হামিদ আলী। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
হামিদ আলীর পুত্রবধূ ময়না বেগম জানান, তার শ্বশুর হামিদ আলী মোল্যা চাচাতো শ্বশুর (হামিদ আলীর ভাই) হাশেম আলীর কাছ থেকে প্রায় ৫ মাস আগে ১০ শতক জমি কেনেন। ওই জমিতে সীমানা প্রাচীর দিতে গেলে বাধা দেন হাশেম আলীর ছেলে জাকির। এ কারণে বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় নিত্যানন্দপুর গ্রামে শালিস বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে জাকির তার চাচা হামিদ মোল্যাকে মারপিট করে। ঠেকাতে এসে মারপিটের শিকার হন হামিদ আলীর ছেলে রফিকুলও। তাদের দুজনকে বৃহস্পতিবার রাতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় হামিদ আলীর মৃত্যু হয়।
বাঘারপাড়া থানার ওসি ছয়রুদ্দিন আহমেদ জানান, শালিস বৈঠকে বিরোধের জের ধরে মারপিটে একজনের মৃত্যুর খবর পেয়েছেন। তবে এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। তিনি বিষয়টির খোঁজখবর নিচ্ছেন এবং এলাকায় পুলিশ পাঠিয়েছেন।
