লস্কর-ই-তৈয়্যবার (এলইটি) মতো সন্ত্রাসী সংগঠনের সাথে পাকিস্তান সরকারের সক্রিয় যোগাযোগ ছিল বলে দেশটির সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের বক্তব্যে হতচকিত হওয়ার মতো কিছু নেই। সকালে প্রতিরক্ষা বিষয়ক লেখক গ্রুপের সাথে বৈঠককালে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ সিনেট সদস্য। খবর এনডিটিভির।
ডেমোক্রেটিক সিনেটর টিম কেইন বলেন, ‘আমি মোশাররফের কথা শুনে অবাক হয়নি। আমি মনে করি—২০০৮ সালে মুম্বাই হামলার ঘটনায় দেশটির সরকার ও এলইটির সাথে যোগাযোগ ছিল। এটাকে অস্বীকার করার উপায় নেই। গোয়েন্দা সংস্থার তথ্য থেকে প্রশ্ন জাগে দুই পক্ষের ভেতরে কতটা উচ্চতায় সম্পর্ক বিরাজ করত এবং জঙ্গিদের ওপর আনুষ্ঠানিকভাবে কী ভাবে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে—বলেন কেইন।
গত বছর অক্টোবরে কেইন ২৬ নভেম্বরের মুম্বাই হামলার স্থান পরিদর্শনে যান। ওই হামলার ঘটনায় ১৬৬ জন নিহত হয়।
এ দিকে, যুক্তরাষ্ট্র সফররত পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে গত সপ্তাহে সাক্ষাত্ করেন এই সিনেটর। এ সময় তিনি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার বিষয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন। প্রধানমন্ত্রীও এ বিষয়ে সচেতন রয়েছেন বলে জানান তিনি।
