রাজধানীর শ্যামপুরে স্টিল মিলসে কাজ করার সময় দুর্ঘটনায় আহত সুধীর (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান। সুধীরের গ্রামের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জে।
নিহত শ্রমিকের সহকর্মী মনসুর আহম্মেদ জানান, শ্যামপুরে রাণী স্টিল মিলসে অটোরুলিং মেশিনে কাজ করার সময় সুধীর ও শামীম আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সুধীরের মৃত্যু হয়।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
