‘প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল অ্যাওয়ার্ড’ পেলেন মিন্টু

আপডেট : ০১ নভেম্বর ২০১৫, ১৩:৫২
কানাডার প্রকাশিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক বাংলামেইল ও অনালাইন পোর্টাল দ্য বেঙ্গলি টাইমস ডটকমের সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু পেলেন কানাডার সম্মানজনক ‘প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল অ্যাওয়ার্ড ২০১৫’। শনিবার সন্ধ্যায় রাণী এলিজাবেথের প্রতিনিধি লেফটেন্যান্ট গভর্নর অব ওন্টারিও ডওডেস ওয়েলে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে শহিদুল ইসলাম মিন্টুর হাতে সম্মানজনক এই পুরস্কার তুলে দেন। 
 
এই সময় ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অব কানাডার প্রেসিডেন্ট থমাস সারাসসহ উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
প্রতিবছর ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশীপ মিনিস্ট্রি এবং টিডি ব্যাংকের সহায়তায় ন্যাশনাল এথনিক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল অব কানাডা প্রবর্তিত সম্মানজনক এই অ্যাওয়ার্ড প্রদান করা হয় অন্টারিও কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ভবনের অডিটোরিয়ামে। 
 
রাজবাড়ির কৃতিসন্তান শহিদুল ইসলাম মিন্টু একাধারে সাংবাদিক, লেখক, নির্মাতা ও সংগঠক শহিদুল ইসলাম মিন্টু দৈনিক আজকের কাগজ, বাংলাবাজার পত্রিকাসহ বাংলাদেশের প্রথমসারির বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। ঢাকার বিনোদন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কালচারাল রিপোর্টাস এসোসিয়েশন ‘বিসিআর’ এর নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেছেন একটানা ৪বছর। বাংলাদেশের প্রথম বেটাফরমেটের ফিল্ম ‘দেবদাস’সহ অসংখ্য আলোচিত টিভি নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেছেন তিনি। ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান নান্দনিক টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। পেয়েছেন বাচসাস পুরস্কার, শেরে বাংলা স্বর্ণপদক, বিসিআরএ অ্যাওয়ার্ড, ট্রাব অ্যাওয়ার্ড, চলচ্চিত্র দর্শক ফোরাম অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার। লিখেছেন বেশ কিছু গ্রন্থ। তার আলোচিত গ্রন্থ ‘একাত্তর’ এবং ‘মুক্তিযুদ্ধ প্রতিদিন’। 
 
২০০৪ সালে স্বপরিবারে কানাডায় অভিবাসী হবার পর শহিদুল ইসলাম মিন্টু টরন্টো ফিল্ম স্কুল থেকে ডিজিটাল ফিল্মমেকিং এর ওপর ডিপ্লোমা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সোশিওলোজিতে মাস্টার্স শহিদুল ইসলাম মিন্টু ২০০৯ সালে টরন্টোর সেনেকা কলেজের প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন জার্নালিজম কোর্স করেন। ২০১৪ তে কানাডিয়ান বিজনেস কলেজ থেকে সিএসডাব্লিউ কোর্স করেন। একই কলেজ থেকে একই বছর হাভার্ড এর কারিকুলাম ও এ্যাফিলিয়েশনে ‘লিডারশীপ ও নেগোসিয়েশন’ কোর্স কৃতিত্বের সঙ্গে শেষ করেন।
 
এছাড়াও কানাডার ক্ষমতাসীন রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির লোকাল রাইডিং ডিরেক্টর নির্বাচিত হন শহিদুল ইসলাম মিন্টু। কানাডায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ৩ বছর। কানাডার মেগা ইভেন্ট বাংলাদেশ ফেস্টিভ্যালের কনভেনরও তিনি। কানাডিয়ান ইন্টারনেট রেজিষ্ট্রেশন অথরিটি ও ন্যাশনাল এথনিক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল অব কানাডার সদস্য শহিদুল ইসলাম মিন্টু কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন কানাডার সম্মানজনক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল অ্যাওয়ার্ড, হেরিটেজ মিডিয়া অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি পুরস্কার।