সেলিনা হোসেনের হাতে ‘বিউটি সার্কাস’-এর পোস্টার উন্মোচন

আপডেট : ১০ মার্চ ২০১৯, ০১:০৪

g বিনোদন রিপোর্ট

 

মুক্তির অপেক্ষায় রয়েছে নতুন সিনেমা ‘বিউটি সার্কাস’। এরইমধ্যে সিনেমার প্রথম টিজার মুক্তি পেয়েছে। সার্কাসকে কেন্দ্র করে গণমানুষের পক্ষে এক নারীর সংগ্রামের লড়াই নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’। নারী দিবসে প্রকাশিত হলো চলচ্চিত্রটির ফার্স্টলুক পোস্টার। শুক্রবার রাতে পোস্টারটির মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সার্কাসের পোশাকে একঝাঁক পায়রা উড়িয়ে বিজয়িনীরূপে পোস্টারটিতে হাজির হয়েছেন জয়া আহসান।

সিনেমাটির নির্মাতা মাহমুদ দিদার বলেন, ‘নারী দিবস উপলক্ষে চলচ্চিত্রটির নাম চরিত্র বিউটিকেই প্রাধান্য দেওয়া হয়েছে পোস্টারটিতে। এটির নকশা করেছেন সোহেল আনাম।’

পোস্টারটির মোড়ক উন্মোচন করে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘বিউটি সার্কাস সিনেমাটির গল্প আমি শুনেছি। এই চলচ্চিত্রটির গল্প আমার মনকে ভীষণভাবে নাড়া দিয়েছে। খুবই তাত্পর্যপূর্ণ। নারী প্রতিরোধের জায়গা থেকে এটি একটি সৃজনশীল মনোবিকাশের কাজ হলো, পাশাপাশি আমাদের দায়বদ্ধতার বিষয়েও এটা আমাদের স্বপ্নের কাজ হলো। আমি মাহমুদ দিদারসহ এই ফিল্মের সবাইকে শুভেচ্ছা জানাই এই চমত্কার চলচ্চিত্রটি নির্মাণের জন্য।’ সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি চিত্রধারণ শেষে এখন আছে সম্পাদনার টেবিলে।  নির্মাতা জানান, যথাযথ সম্পাদনার পর এটি শিগগিরই সেন্সরে জমা দিতে আগ্রহী তিনি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, হুমায়ুন সাধুসহ অনেকে।