‘একজন পুত্রহারা পিতা সন্তানের হত্যার বিচার চায় না—এটা বাংলাদেশে প্রথম। পৃথিবীতেও এমনটা আমি দেখিনি। এটার কারণ একটাই হতে পারে যে, পুত্র হত্যা হয়েছে তার বাবা অধ্যাপক সাহেব হয়তো ওই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলেই উনি উনার দলের লোকজনদের বিচারের কাঠগড়ায় দাড় করাতে চান না।’
রবিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভাস্থল পরিদর্শনকালে জাগৃতি প্রকাশনীর মালিক নিহত ফয়সল অরেফিন দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আবুল কাশেম ফজলুল হকের এক উক্তির প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ‘দুই একটি ঘটনা দিয়ে সরকারকে বিব্রত করার কোনো সুযোগ নেই। তাহলে তো বহু আগে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বিব্রত হয়ে যেত। ওখানে তো বহু ঘটনা ঘটেছে। এটা রাজনৈতিক হত্যাকাণ্ড আমরা সব সময় বলে এসেছি।’
উল্লেখ্য, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে নিহত ছেলেকে দেখতে গিয়ে শনিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল কাশেম ফজলুল হক বলেন, ‘আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই না। কেননা, বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক, সম্পূর্ণ সাংস্কৃতিক।’
