জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ‘কবি-লেখক-চিন্তক’ ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও তেল-গ্যাস বিদ্যুৎ এবং বন্দর ও খনিজ সম্পদ রক্ষা কমিটির সদস্য সচিব ড. আনু মোহাম্মদ বলেন, ‘সরকার জনগনের নিরাপত্তা না দিয়ে সন্ত্রাসীদের নিরাপত্তা দিচ্ছে। অন্যদিকে অব্যাহত বিচারহীনতার সংস্কৃতি মুক্তমনা লেখকদের হত্যায় উৎসাহ জোগাচ্ছে।’ এ সময় তিনি দ্রুততার সঙ্গে খুনিদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
কবি মামুন অর রশিদের সঞ্চালনা এতে আরো উপস্থিত ছিলেন, কবি খালেদ হোসাইন, অধ্যাপক মো. শামছুল আলম, অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক শরিফ উদ্দিন, অধ্যাপক এএসএম আবু দায়েন, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লা ভূঁইয়া, অধ্যাপক শামীমা সুলতানা, মুহম্মদ নজরুল ইসলাম, স্বাধীন সেন, কবি হিমেল বরকত, নাজমুল হাসান তালুকদার ও সৈয়দ মঈনুল আলম প্রমুখ।
অন্যদিকে একই দাবিতে মৌন মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। সকাল সাড়ে ১১টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে মৌন মিছিল শুরু হয়ে বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে অমর একুশের পাদদেশে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপু বলেন, ‘একের পর এক মুক্তমনা চিন্তাশীল লেখকদের হত্যা করা হচ্ছে কিন্তু প্রশাসন নির্বাক। সরকার ও বিরোধী দল একে অপরের উপর দোষারোপ করতে ব্যস্ত কিন্তু প্রকৃত খুনিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।’
