ঝিনাইদহের কালীগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। রববিার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বারোবাজার কৈরইতলা এলাকায় এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর মো. সুরুজ মিয়া জানান, রাত দেড়টার দিকে কৈরইতলায় র্যাব-৬ সদস্যরা টহল দিচ্ছিল। এ সময় মোটরসাইকেলযোগে তিন আরোহী ওই সড়ক দিয়ে যাচ্ছিল। মোটরসাইকেলের আরোহীদের থামতে র্যাব সদস্যরা সিগন্যাল দিলে তারা প্রথমে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষায় র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে মোটরসাইকেলের পেছনের আরোহী গুলিবিদ্ধ হন। তবে অপর দুই আরোহী পালিয়ে যান। গুলিবিদ্ধ ব্যক্তিকে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় মিলন সাহা নামে র্যাবের একজন সদস্য আহত হয়েছেন বলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও জানান মেজর সুরুজ।
