ফিলিপাইনে সাংবাদিককে গুলি করে হত্যা

আপডেট : ০২ নভেম্বর ২০১৫, ১৬:৪২
 
ফিলিপাইনের এক বেতার সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার পুলিশ ও নিহত সাংবাদিকের সহকর্মীরা এই তথ্য জানান।
 
পুলিশ জানায়, রবিবার রাতে ম্যানিলার একটি রেস্তোরাঁর বাইরে জোস বার্নার্দো (৪৪) সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীর গুলিতে মারাত্মকভাবে আহত হলে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
 
কর্তৃপক্ষ জানায়, অজ্ঞাতনামা এক ব্যক্তির সঙ্গে বৈঠকের কথা তিনি তার পরিবারকে জানিয়েছিলেন।
 
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এই হামলায় এক রেস্তোরাঁকর্মীও আহত হয়েছেন।
 
কর্তৃপক্ষ জানিয়েছে, একজন সাংবাদিক হিসেবে বার্নার্দোর কাজের সাথে এই হত্যার কোন যোগসূত্র রয়েছে কিনা তারা তা খতিয়ে দেখা হচ্ছে।
 
ফিলিপাইনের জাতীয় প্রেস ক্লাব সভাপতি জোয়েল সাই ইগকো এএফপিকে বলেন, বার্নার্দো ম্যানিলার ডিডব্লিউবিএল বেতার কেন্দ্রের একজন সাংবাদিক ও সংবাদ পাঠক ছিলেন। তিনি ডিডব্লিউআইজেডের একজন রিপোর্টারও ছিলেন।
 
সংবাদ মাধ্যমের মানবাধিকার রক্ষা বিষয়ক পর্যবেক্ষণ গ্রুপ জানায়, গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে ফিলিপাইনে চার সাংবাদিককে হত্যা করা হয়। খবর: এএফপি।