চুয়াডাঙ্গা জেলা কারাগারের সামনে সড়ক দুর্ঘটনায় বাহন ‘আলমসাধু’র চালক মিয়ারুল (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই যাত্রী। আহতরা হলেন, দামুড়হুদা উপজেলার মরহুম আব্দুল মান্নানের পুত্র জেকের আলী (২৮) ও মরহুম মসতব আলীর পুত্র আনসার আলী (৩২)।
জানা গেছে, সোমবার বেলা চারটার দিকে দামুড়হুদা উপজেলা থেকে আসা চুয়াডাঙ্গাগামী একটি ট্রাক জেলা কারাগার অতিক্রম করছিল। এ সময় চুয়াডাঙ্গাগামী যাত্রীবাহী বাহন ‘আলমসাধু’ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পিছনের দিকে জোরে ধাক্কা দেয়। এতে ‘আলমসাধুর’ চালক মিয়ারুল স্টিয়ারিংয়ের হুইলে ধাক্কা খেয়ে বুকে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় এ বাহনের দুই যাত্রী আহত হন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
