সারাদেশে গণজাগরণ মঞ্চের হরতাল চলছে

আপডেট : ০৩ নভেম্বর ২০১৫, ১৩:২২

লেখক-প্রকাশকদের হত্যা ও তাদের ওপর হামলার প্রতিবাদের মঙ্গলবার সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ। ভোর ৬টা থেকেই শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন মঞ্চের কর্মীরা। তাদের অবস্থানের কারণে শাহবাগ মোড়ে যানবাহন চলছে না।

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যা, কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও লেখক-গবেষক রণদীপম বসুকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং তাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত রবিবার এ হরতালের ডাক দেয়া হয়।

হরতালের সমর্থনে সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে মশাল মিছিল বের করে গণজাগরণ মঞ্চের নেতা কর্মীরা।

এই হরতালের মধ্য দিয়ে এবারের জেল হত্যা দিবস পালনের আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। তিনি বলেন, ব্লগার, লেখক, প্রকাশক থেকে শুরু করে যারাই উগ্রবাদী চিন্তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন, তাদেরকেই হত্যা করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা দুইদিন ধরে কর্মসূচি পালন করে আসছি। গণজাগরণ মঞ্চ সব সময় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে। আশা করছি মানুষ শান্তিপূর্ণভাবে মঙ্গলবারের হরতাল পালন করবেন।