স্পোর্টস ডেস্ক
নেইমারের সঙ্গে বিরূপ সম্পর্কের ব্যাপারটি উড়িয়ে দিলেন প্যারিস সেইন্ট জার্মেইর উরুগুইয়ান ফরোয়ার্ড এডিসন কাভানি।
শুক্রবার এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং উরুগুয়ে। ম্যাচটির এক পর্যায়ে নেইমারকে ট্যাকল করে হলুদ কার্ড দেখেন কাভানি। এরপর ব্রাজিল অধিনায়ক এবং তার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছিল।
তবে এরপরে কাভানি-নেইমারের পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপে জানান, আন্তর্জাতিক ম্যাচে হওয়া এই ঘটনার রেশ ক্লাবে দু’জনের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। ফরাসি ফরোয়ার্ডের কথাই প্রতিফলিত হলো কাভানির মুখে। আরএমসি স্পোর্টসকে কাভানি বলেন, ‘মাঠে যা হয়েছে তা ফুটবলেরই অংশ। কিন্তু এরপরও আমরা বন্ধু, ভাই এবং সতীর্থই আছি। ম্যাচে আপনি সবসময় জিততেই চাইবেন এবং এটাই স্বাভাবিক যে, আপনি আপনার দলকে বাঁচাতে চাইবেন।’ নেইমারকে করা সেই ট্যাকলটির জন্য আত্মপক্ষই সমর্থন করলেন কাভানি। তিনি বলেন, ‘আমি কিছুই করিনি। আমি তাকে ছুঁইনি। আমি তাকে দেখতে গিয়েছিলাম এবং তাকে বলেছিলাম আমি তাকে ছুঁইনি, এটুকুই! কিন্তু তার সাথে আমি যা করেছি তা অন্য কারো সঙ্গেও করতে পারতাম।’
