ভারত-নেপাল সীমান্তে অবরোধকারীদের উপর নেপালি পুলিশের গুলিতে গতকাল সোমবার এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে। দেশটির নতুন সংবিধান বিরোধী চলমান আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভের সময় নেপালি আত্মরক্ষার্থে গুলি ছুঁড়ছে বলে কাঠমান্ডুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।
নেপালে নতুন সংবিধান নিয়ে দেশজুড়ে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে আদিবাসী ও ধর্মীয় সংস্থাগুলো এ সংবিধান মেনে না নেওয়ার ঘোষণা দিয়েছে। গত আগস্ট থেকে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সংঘর্ষে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে। পুলিশ জানায়, এদিনও বিক্ষোভকারীরা নেপালের বীরগঞ্জে একটি ক্রসিং অবরোধ করে রাখে। এতে সীমান্তে পণ্য পারাপার বন্ধ হয়ে যায়।পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে তারা পুলিশ পোস্টে হামলা চালায়। স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, এ সময় পুলিশ গুলি ছুড়লে ভারতের বিহার থেকে আসা এক বিক্ষোভকারীর মাথায় গুলি লাগে এবং সে হাসপাতালে মারা যায়।
IMG0
স্থানীয় পুলিশ প্রধান রাজু বাবু শ্রীসান্ত বিবিসি’কে বলেন, নিহত ব্যক্তির নাম আশীষ কুমার রাম। তিনি ভারতের বিহার রাজ্যের রাক্সাউলের বাসিন্দা। তিনি বলেন, বিক্ষোভকারীরা ভারত থেকে নেপালে প্রবেশ করেছে। তারা পুলিশের ওপর পাথর ছুড়েছে। এ ঘটনায় আরো সাতজন বিক্ষোভকারী ও নয়জন পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।
বিক্ষোভকারীরা মূলত দক্ষিণের নিচু অঞ্চলের সংখ্যালঘু দল। তাদের ধারণা, নেপালে নতুন প্রদেশ গঠনের যে প্রস্তাব দেয়া হয়েছে তার ফলে তারা রাজনৈতিক প্রান্তিকীকরণের শিকার হবে। বিক্ষোভকারীরা ভারত সীমান্তের প্রধান দু’টি ক্রসিং বন্ধ করে দিয়েছে। এর ফলে পণ্য পরিবহন ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী ধাকাল বলেন, সীমান্ত থেকে বিক্ষোভকারীদের তাঁবু সরিয়ে ফেলার সময় পুলিশকে বাধা দেয়ার অভিযোগে ভারতের দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
IMG1
এ ঘটনায় 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নেপালে চলমান সমস্যাটি পুরোপুরি রাজনৈতিক এবং বল প্রয়োগের মাধ্যমে এ সমস্যা সমাধান সম্ভব নয়। সেখানে বর্তমান পরিস্থিতি সৃষ্টির পেছনে যে কারণগুলো রয়েছে নেপাল সরকারকে সেগুলো বিশ্বাসযোগ্য ও কার্যকরভাবে সমাধান করতে হবে।
পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার পর দুইশ'র বেশি পণ্যবাহী ট্রাক ও যানবাহন নেপালের বীরগঞ্জ থেকে সীমান্ত পেরিয়ে ভারতের রাক্সাউলে প্রবেশ করেছে বলে জানা গেছে। কিন্তু গত প্রায় দুই মাস ধরে ভারতের কাস্টম কর্মকর্তাদের বাধার কারণে নেপালগামী হাজার হাজার পণ্যবাহী ট্রাক সীমান্তে আটকা পড়ে আছে। রয়টার্স ও বিবিসি।
