প্রধানমন্ত্রীর সমাবেশে চাপাতিসহ যুবক গ্রেফতার

আপডেট : ০৩ নভেম্বর ২০১৫, ২১:৩০
 
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ থেকে চাপাতিসহ এক যুবককে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। শাহ আলম (২২) নামে ওই যুবকের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে।
 
মঙ্গলবার শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান থেকে আটক ওই যুবকের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগে চাপাতিটি পাওয়া গিয়েছিল।’
 
জেলহত্যা দিবস উপলক্ষে সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে ঢাকার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি আশপাশের জেলাগুলো থেকে দলের বিভিন্ন সহযোগী সংগঠনগুলোও মিছিল নিয়ে যোগ দিয়েছিল।  প্রধানমন্ত্রী বক্তব্য দেয়ার সময় সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ থেকে ওই যুবককে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সমাবেশের মঞ্চ ছিল ফটকের কয়েকশ’ গজ দূরে।
 
গ্রেফতার হওয়া শাহ আলম পুলিশকে বলেছে, শমসের আলী নামে কাচপুরের এক স্বেচ্ছাসেবক লীগের নেতার সঙ্গে তিনি এসেছিলেন। সংগঠনের মধ্যে তার প্রতিপক্ষ থাকায় ‘নিরাপত্তার স্বার্থে’ চাপাতিটি তিনি সঙ্গে রেখেছিলেন।
 

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ বলেন, ‘শাহ আলম ভাড়াটে ক্যাডার হিসেবে কাজ করে। তার রাজনৈতিক কোনো পরিচয় নেই।’