এক শিক্ষার্থীকে মারধরের জেরে গাজীপুর থেকে সদরঘাট রুটে চলাচলকারী স্কাইলাইন পরিবহনের একটি বাস ক্যাম্পাসে নিয়ে তাতে আগুন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকালে রাজধানীর জিরো পয়েন্ট থেকে স্কাইলাইনের বাসটি শহীদুল্লাহ হলের সামনে নিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাতে আগুন দেয়া হয়।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘হাফ ভাড়াকে কেন্দ্র করে সোমবার ওই হলের এক ছাত্রলীগ কর্মীকে পরিবহন শ্রমিকরা মারধর করে। এর জের ধরে বাসটিতে আগুন দেয়া হয়।’
শিক্ষার্থীরা জানান, শহীদুল্লাহ হলের এক ছাত্র সোমবার খিলক্ষেত থেকে আজমেরী পরিবহনের একটি বাসে উঠেন। শিক্ষার্থী পরিচয়ে হাফ ভাড়া দেয়ায় ওই বাসের শ্রমিকরা তাকে ক্যাম্পাসে নামতে না দিয়ে বংশালে নিয়ে যায়। সেখানে স্কাইলাইন পরিবহনের এক শ্রমিকের সহায়তায় ওই শিক্ষার্থীকে মারধর করে আটকে রাখা হয়। খবর পেয়ে হল ছাত্রলীগের নেতারা তাকে ছাড়িয়ে নিয়ে আসেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, ‘এ বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। ভবিষ্যতে যাতে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের ঝামেলা না হয়, সেটা আমরা আলোচনার মাধ্যমে দেখব।’
