ধারণা করা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি দেশের মাটিতে শেষ ওয়ানডেটি খেলে ফেলেছেন। এরকম ধারণার কারণ গত শুক্রবার রাতে নিজ শহর রাচিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে শেষে সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার জানিয়েছিলেন ধোনিকে শেষ দুটি ওয়ানডের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। আজ রবিবার মোহালিতে এবং আগামী বুধবার দিল্লিতে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুটি ওয়ানডে। রাচিতে হারের পরও বর্তমানে ভারত এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। ৩৭ বছরের ধোনির পরিবর্তে উইকেটের পেছনে দাঁড়াবেন ঋশভ পন্থ। ধোনিকে এর আগে নিউজিল্যান্ডেও হ্যামস্ট্রিং সমস্যার কারণে বিশ্রাম দেওয়া হয়েছিল। পন্থ ছাড়াও মোহালিতে আজ দেখা না যেতে পারে ফাস্ট বোলার মোহাম্মদ সামিকে।
