নারী টি-২০ বিশ্বকাপ

আজ দেশে ফিরছেন সালমা-রুমানারা

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২১:৩৪

স্পোর্টস রিপোর্টার

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বিসিবির উইমেন্স উইং থেকে গতকাল জানা গেছে, বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে আজ সকাল আটটায় ঢাকায় পৌঁছাবে বাংলাদেশ নারী দল।

চলতি বছরে এশিয়া কাপ জিতে ছিল সালমা খাতুনের দল। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের পর আয়ারল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ জিতেছিল বাংলাদেশ দল।

কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই পারফরম্যান্সের ছিটেফোঁটাও দেখাতে পারেনি সালমা-রুমানারা। ব্যাটিং ব্যর্থতার কারণেই বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পারেনি দলটি।

সেন্ট লুসিয়ায় নিজেদের শেষে ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে হেরেছিল বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬০ রানে, ইংল্যান্ডের কাছে ডিএল মেথডে সাত উইকেটে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৫ রানে হেরেছিল সালমা বাহিনী। বাংলাদেশ ছাড়া একমাত্র আয়ারল্যান্ডই বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে সক্ষম হয়নি।