চার নেতার খুনিদের দেশে এনে বিচারের রায় কার্যকর করা হবে : নাসিম

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ০১:৫২

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতীয় চার নেতার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা হবে। গতকাল মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 
জেল হত্যা মামলার রায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে খুনিদের আশ্রয়দানকারী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিম বলেন, বিশ্বের যে রাষ্ট্রগুলো কথায় কথায় আমাদের গণতন্ত্র শেখাতে চায়, যারা মানবাধিকারের কথা বলে, তারাই বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনিদের আশ্রয়ে রেখেছে। তাই সে সব দেশকে বলবো, আপনাদের আশ্রয়ে থাকা খুনিদের বাংলাদেশে ফেরত দেয়া হোক।
 
জাতীয় চার নেতা হত্যার শোককে শক্তিতে পরিণত করে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, এ মামলায় দণ্ডিত অপরাধীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করতে অঙ্গীকারাবদ্ধ সরকার। বর্তমান সরকারের আমলেই পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে আশাবাদ ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, জেল হত্যার বিচারও সুপ্রিম কোর্টের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং একাত্তরের ঘাতকদের বিচার হচ্ছে এবং হবে।
 

এ সময়ে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, সংসদ সদস্য হাজী মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি নিদর্শন গ্যালারি এবং চার নেতা স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে মিলাদ মাহফিলে অংশ নেন। এর আগে আওয়ামী লীগ, শহিদ পরিবার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।