সরকারি কর্মজীবীরা নতুন স্কেলে বেতন পাবেন জানুয়ারিতে : অর্থমন্ত্রী

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ০২:০১

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জানুয়ারিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন কাঠামোর বেতন হাতে পাবেন। ডিসেম্বর মাসের বেতন দেয়া হবে নতুন কাঠামোতে। মঙ্গলবার সচিবালয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।

 
উল্লেখ্য, সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য গত ৭ সেপ্টেম্বর অষ্টম বেতন কাঠামো অনুমোদিত হয় মন্ত্রিসভায়। জানুয়ারিতে দেয়া হলেও এই কাঠামো কার্যকর হবে গত ১ জুলাই থেকে। জানুয়ারিতে এরিয়ারসহ পাবেন কি না এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এটা সংশ্লিষ্টদের এ্যাকাউন্টস অফিসারদের     উপর নির্ভর করছে, যারা সবগুলো বিল করতে পারবে, তারা পাবে। তিনি বলেন, সংখ্যা বেশি হওয়ায় সচিবালয়ে হয়তো কিছু সমস্যা হবে। তবে পাওনা পাবেই। দেরি হলে ভালো, জমা হয়ে থাকল।
 
অষ্টম পে-স্কেল ঘোষণার আগে যে সব ক্যাডার সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সুবিধা নিয়েছে, তাদের এ সুবিধা বহাল রাখার কথা জানিয়ে তিনি বলেন, এটা বাতিল করা হবে না। এখন অর্থ মন্ত্রণালয় থেকে পরিপত্র জারির আগে বাকি ক্যাডাররা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল নিয়ে নিতে পারেন। তবে প্রজ্ঞাপন জারির পর সবকিছু নতুন নিয়মে চলবে। এবারের বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল একেবারে উঠিয়ে দেয়া হচ্ছে।
 

বৈঠকে অর্থমন্ত্রীর কাছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিনিধিদের পক্ষে আটটি দাবি তুলে ধরা হয়। এরমধ্যে রয়েছে— অষ্টম জাতীয় বেতন স্কেলের ধাপ ২০টির পরিবর্তে ১৫ থেকে ১৬টিতে নির্ধারণ করা। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য চাকরির চার বছর পূর্তির পর সিলেকশন গ্রেড ও ৮, ১২, ১৫ বছর চাকরি পূর্তির পর ১ম, ২য় ও ৩য় টাইম স্কেল প্রদান করা। এর আগে পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীদের এক প্রতিনিধি দলও বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।