স্পোর্টস রিপোর্টার
বিশ্বকাপের বাকি দুই মাসের বেশি কিছু সময়। অথচ বাংলাদেশ দলে এখন চোট জর্জর। নিউজিল্যান্ড সফরে যেতেই পারলেন না সাকিব আল হাসান চোটের কারণে। তিন ধরনের চোট নিয়ে নিউজিল্যান্ডে থেকেও ম্যাচ খেলতে পারছেন না মুশফিকুর রহিম। হালকা চোটে ভুগছেন তামিম ইকবাল। বিশ্বকাপের আয়নায় থাকা পেসার তাসকিন আহমেদের রিহ্যাব চলছে।
তবে চোটমুক্ত বাংলাদেশের দলই বিশ্বকাপে খেলবে বলে ধারণা করছেন জাতীয় দলের নির্বাচকরা। বিশ্বকাপের আগে ক্রিকেটাররা সবাই ফিট হয়ে যাবেন বলেই আশা নির্বাচক হাবিবুল বাশার সুমনের।
গতকাল মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের চোটের মিছিল নিয়ে জাতীয় দলের এই সাবেক অধিনায়ক বলেছেন, ‘আশা করছি বিশ্বকাপে আমাদের ইনজুরি অতোটা ভোগাবে না। এই সফরটা অনেক ভুগিয়েছে। যেহেতু বিশ্বকাপ আমাদের মাথায় ছিল তাই কার ইনজুরিতে ঝুঁকি নেওয়া যাবে কাকে বিশ্রাম দেওয়া যাবে, সেটা আমাদের মাথায় ছিল।’
বিশ্বকাপের আগে চোটের চিন্তা দূর হবে বলেই মনে করেন হাবিবুল বাশার। গতকাল তিনি বলেছেন, ‘আমাদের ইনজুরি নিয়ে যেই দুশ্চিন্তা আছে সেটা বিশ্বকাপের আগে থাকবে না। সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। বিশ্বকাপের আগে আশাকরি সবাইকে সুস্থ অবস্থায় পাবো।’
খুব শিগগিরই বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হবে। যেখানে থাকবে কয়েকজন নতুন মুখ। বিপিএল, বাংলাদেশ ‘এ’ দল, এইচপির হয়ে পারফর্ম করা তরুণ ক্রিকেটার সুযোগ পাচ্ছেন প্রাথমিক দলে। ইয়াসির আলী রাব্বির সঙ্গে রিহ্যাব চলা তাসকিনকেও রাখা হয়েছে দলে।
নির্বাচকরা প্রাথমিক দলটা বিসিবিতে জমা দিয়েছেন। গতকালই দলটা বিসিবি সভাপতির দপ্তরে পাঠানো হয়েছে। তাই শিগগিরই ঘোষণা হবে বলে জানালেন হাবিবুল বাশার। গতকাল তিনি বলেছেন, ‘স্কোয়াড কাল পরশুর মধ্যে পেয়ে যাবেন। খুব বেশি পরিবর্তন নেই। আমাদের তো একটা সেট আপ আছেই, বিশ্বকাপের জন্য। কিছু নতুন প্লেয়ার যুক্ত হয়েছে। বিশ্বকাপের ৩০ জনের একটা প্রাথমিক দল দিতে হয়। তারপর অবশ্যই প্রিমিয়ার লিগ আছে, আমরা সেটা দেখব, সাথে নিউজিল্যান্ড সফর আছে।’
নিউজিল্যান্ড সফরে সাব্বির রহমান রান পেয়েছেন। ছয়-সাত নম্বরের জন্য ইনফর্ম ব্যাটসম্যানের চিন্তাও দূর হয়েছে নির্বাচকদের। বিশ্বকাপেও সাব্বিরকে এমন ফর্মে দেখতে চান হাবিবুল বাশার।
গতকাল তিনি বলেছেন, ‘এই সিরিজের আগে আমাদের দুই তিনের সমস্যার কিছুটা হলেও সমাধান হয়েছে। এই সিরিজটা ভালো না গেলেও ছয় সাতে সাব্বির রহমান ভালো করেছে, যা খুবই ইতিবাচক একটা বিষয়। সবাই কম-বেশি ফর্মে আছে, আমার মনে হয় না এবার ছয় সাত নিয়ে আমাদের দুশ্চিন্তা থাকবে। আমার মনে হয় দলটা মোটামুটি ঠিক করা আছে, আমরা শুধু চাইছি যে বিশ্বকাপের সময় সবাই যাতে সুস্থ থাকে এবং তাদের সেরা ফর্ম নিয়ে বিশ্বকাপে যেতে পারে।’
