স্পোর্টস রিপোর্টার
বিশ্বকাপের আগে শেষ ওয়ানডে সিরিজের আগে পরীক্ষা-নিরীক্ষার কোনো কমতি রাখছে না পাকিস্তান। ছয় শীর্ষ ক্রিকেটারকে বিশ্রামে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। এর মধ্যে আছেন অধিনায়ক সরফরাজ আহমেদও। আগামী ২২ মার্চ থেকে শুরু হওয়া এই ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক।
সরফরাজ ছাড়াও বিশ্রামে থাকছেন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, ফখর জামান, শাদাব খান ও আসান তালাত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দলে থাকা হুসাইন তালাত বাদ পড়েছেন। অন্যদিকে বুড়ো আঙুলের ইনজুরি এখনো সেরে না ওঠায় বিবেচনা করা হয়নি মোহাম্মদ হাফিজকে।
দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই সিরিজের জন্য ফিরিয়ে আনা হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার উমর আকমল ও জুনায়েদ ০খানকে। আর ওয়ানডেতে অনভিষিক্ত ক্রিকেটার আছেন তিনজন। তারা হলেন সাদ আলী, মোহাম্মদ হাসনাইন ও মোহাম্মদ আব্বাস। শাদাবকে বিশ্রাম দেওয়ায় আরেক লেগ স্পিনার ইয়াসির শাহ আছেন দলে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলেও ছিলেন তিনি।
শারজাহ, আবুধাবি ও দুবাই - তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে পাঁচটি ওয়ানডে। সিরিজ শেষ হবে আগামী ৩১ মার্চ।
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড
আবিদ আলি, শান মাসুদ, ইমাম উল হক, হারিস সোহেল, শোয়েব মালিক (অধিনায়ক), সাদ আলি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), উমর আকমল, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, জুনাইদ খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, উসমান শিনওয়ারি।
