প্রেম প্রত্যাখ্যান করায় পুড়িয়ে হত্যা

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ১৯:৪৯
 
প্রেম প্রত্যাখ্যান করায় পাকিস্তানে এক নারীকে পুড়িয়ে হত্যা করেছে এক ঘাতক। সোনিয়া বিবি নামের ২০ বছরের ওই নারীর ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তার সাবেক প্রেমিক লতিফ আহমেদ। এতে তার শরীরের ৪৫ থেকে ৫০ শতাংশ পুড়ে যায়। দেশটির পাঞ্জাব প্রদেশের মুলতানে এই ঘটনা ঘটেছে।
 
চিকিৎসকরা সোনিয়াকে বাঁচানোর বিষয়ে প্রথমে আশাবাদী ছিলেন। কিন্তু তার ক্ষতগুলোতে সংক্রমণের কারণে রাতারাতি তার অবস্থার অবনতি হয়। মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বিয়ে করতে অস্বীকার করায় সোনিয়ার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় লতিফ।
IMG0
পাকিস্তানে শুধু মাত্র গত বছরই প্রায় এক হাজার নারীকে হত্যা করা হয়েছে। তবে এই সংখ্যাটি আরো অনেক বেশি হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর ধারণা। দেশটিতে পরিবারের অমতে প্রেম ও বিয়ের কারণে বহু নারী তাদের বাবা ও ভাইদের হাতেই প্রাণ হারান। এ ধরণের 'অনার কিলিং' এর বেশিরভাগই আইন শৃঙ্খলা বাহিনীর অগোচরে থেকে যায় বলে অভিযোগ রয়েছে।
 
নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে এমন একটি সংগঠন অওরাত ফাউন্ডেশনের দাবি পাকিস্তানে ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত তিন হাজারের বেশি নারী 'অনার কিলিং' এর শিকার হয়েছেন। সূত্র: ইনডিপেনডেন্ট