পাবনার চাটমোহরে প্রশাসন সম্মেলন স্থল ও এর আশেপাশে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে। একই সঙ্গে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন স্থগিত ঘোষণা করেছে পাবনা জেলা বিএনপি। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
এ সময় কোনো প্রকার মিটিং মিছিল, সমাবেশ, মাইকিং করা বা বাজানো, লাঠিসোটা, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র এবং অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই সম্মেলনস্থলে ১৪৪ জারি করার পর পুলিশ মোতায়েন করা হয়।
বৃহস্পতিবার চাটমোহর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সম্মেলনের দিন ধার্য করা হয়। পৌর শহরের বালুচরস্থ সবুজ সংঘ মিলনায়তন সম্মেলনের ভেন্যু করা হয়। সম্মেলনকে কেন্দ্র করে চলতে থাকে সরব আলোচনা। উপজেলা পর্যায়ে নেতৃত্বের পরিবর্তনেরও আভাস মেলে। পাবনা জেলা বিএনপি সম্মেলনের নামে কমিটি ঘোষণার উদ্যোগ নেয়। এতে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এমতাবস্থায় পাবনা জেলা বিএনপি বুধবার হঠাৎ করেই সম্মেলন স্থগিত করে।
অপরদিকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শেহেলী লায়লা সম্মেলনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় এবং বেআইনি সংঘবদ্ধ জনতার দ্বারা নানাবিধ প্রতিবন্ধকতা ও বিঘ্নতা সৃষ্টি হতে পারে মর্মে সম্মেলন স্থল ও আশপাশের ২শ’ গজের মধ্যে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছেন।
চাটমোহর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আ. মান্নান জানান, পাবনা জেলা বিএনপি সম্মেলন স্থগিত করেছে।
