'বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়া হচ্ছে না'

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ২০:১০

বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, আমাদের কোন রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না। উগ্রপন্থা তখন আর্বিভাব ঘটে যখন গণতান্ত্রিক পন্থা, আইনের শাসন না থাকে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ফয়সল আরেফিন দীপন বিদেহী আত্মার মাহফেরাত কামনায় মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক হত্যাকাণ্ড প্রসঙ্গে বিরোধী দলের প্রতি ব্লেইম গেইম না দিয়ে বাস্তবতা উপলব্ধি করতে সরকারের প্রতি আহ্বান জানিযে রিপন বলেন, জাতীয় সংকট মোকাবেলাই দল মত নির্বিশেষে সবাইকে মিলে কাজ করতে হবে। বিভেদ থাকলে চলবে না।

তিনি বলেন, দীপন মিটিং মিছিলে অংশ না নিলেও তিনি জিয়াউর রহমানের আর্দশের একজন মানুষ ছিলেন। তার এই নির্মম হত্যাকাণ্ডে ঘরে ঘরে মানুষ আর্তনাদ করছে। দেশের মানুষ অস্বাভাবিক অবস্থার মধ্যে আতঙ্ক, ভয় নিয়ে দিনানিপাত করছে। আজ শিক্ষক, কর্মী, নেতারা সন্ত্রাসীদের আক্রামণের শিকার হচ্ছে।  

তিনি বলেন, দীপন সরাসরি বিএনপি করতেন না। তবে তিনি জিয়ার আদর্শকে বুকে ধারণ করে জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

ড. রিপন বলেন, উগ্রগোষ্ঠীর বিরুদ্ধে একসঙ্গে কাজ করলে উগ্রপ্রভাব বন্ধ হবে।

দোয়া মাহফিলে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ অংশ নেন।

-ফোকাস বাংলা