রেল অত্যন্ত সাশ্রয়ী ও নিরাপদ গণপরিবহন। যাত্রীর চাপ, যথাসময়ে গন্তব্যে পৌঁছতে বিঘ্ন সত্ত্বেও বর্তমানে মানুষের রেলের প্রতি আগ্রহ বেশি। কিন্তু অতিরিক্ত যাত্রীর চাপ ও অল্প সময়ের মধ্যে ট্রেনে ওঠা-নামা বেশ কষ্টসাধ্য। ইদানীং ডেমো-ট্রেন ও অন্যান্য নতুন বগি প্লাটফরম থেকে বেশ ওপরে থাকে। ফলে হার্টের রোগী ও শারীরিক প্রতিবন্ধীসহ বয়স্ক, নারী, শিশু অনেকের পক্ষে ট্রেনে ওঠা-নামা প্রায় অসম্ভব ও ঝুঁকিপূর্ণ। অনেক স্টেশনেই প্লাটফরম থাকে নামেমাত্র। ট্রেন চলে আসে প্লাটফরম ছাড়া লাইনে। তখন মালামাল নিয়ে প্লাটফরম ছেড়ে অন্য লাইনে যাওয়া সুস্থ-সামর্থ্যবানের পক্ষেও দারুণ দুর্ভোগের। জীবনের গতি আনতে, যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে জনবহুল বাংলাদেশে রেলসেবার উন্নতির বিকল্প নেই। বিশেষত যেখানে প্লাটফরম আছে, ঐগুলো ট্রেনের সমান্তরাল করা এবং সব স্টেশনের সব লাইনে উঁচু প্লাটফরম বানানো জরুরি। এতে যাত্রী ওঠা-নামা সহজতর হবে। কাজেই রেলের প্লাটফরমগুলো যথাশীঘ্র উঁচু করবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আলী এরশাদ হোসেন আজাদ
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া, গাজীপুর
