সবার বাসযোগ্য এবং ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্য নিয়ে জার্মানির বার্লিনে বুধবার শুরু হয়েছে সপ্তম গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিট। চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।
এ বছরের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ কর্তৃক গৃহীত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যকে সামনে রেখে ২০১৫ সালের সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় দারিদ্র ও বেকারত্বমূক্ত বিশ্ব তৈরী। ইউনূস সেন্টার ও গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব জার্মানীর যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রাইভেট সেক্টর, সিভিল সোসাইটি, বিভিন্ন সরকার ও শিক্ষক সমাজের প্রতিনিধিরা আলোচনা ও করণীয় নির্ধারণের জন্য কয়েকদিন ধরে বিভিন্ন সভা, ফোরাম ও কর্মশালায় মিলিত হচ্ছেন। সম্মেলনের অব্যবহিত পূর্বে নির্বাচিত অংশগ্রহণকারীদের নিয়ে সোশ্যাল বিজনেস অ্যাকাডেমিয়া কনফারেন্স ও ইয়ং চ্যালেঞ্জার্স মিটিং অনুষ্ঠিত হয়।
তবে মূল উদ্যোক্তা ও প্রধান আকর্ষণ নোবেলজয়ী ও সামাজিক ব্যবসা ধারণার প্রবক্তা ড. মুহাম্মদ ইউনূস অসুস্থ থাকায় সম্মেলনে অংশ নিতে না পারলেও ভিডিও বার্তার মাধ্যমে তিনি সম্মেলনের সঙ্গে যুক্ত ছিলেন।
IMG0
ভিডিও বার্তায় ড. ইউনূস বৈশিক গন্তব্যের শর্তে থ্রি-জিরো কথা বলেছেন। ১. শুন্যের কোঠায় দারিদ্রতা ২. শুন্যের কোঠায় বেকারত্ব ৩. শুন্যের কোঠায় কার্বন নির্গমন হওয়া। বৈশ্বিক গন্তব্যের জন্য এ তিনটির ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে বলে তিনি ভিডিও বার্তায় উল্লেখ করেছেন। আর এসব লক্ষ্য অর্জন করতে হলে তিনটি জিনিস প্রয়োজন বলে তিনি মত দেন। এগুলো হলো, ১. তরুণদের শক্তি ও বুদ্ধিমত্তা, ২. প্রযুক্তির শক্তি, ৩. সামাজিক ব্যবসা, এবং ৪. ভালো শাসনপদ্ধতি।
উদ্বোধনী অনুষ্ঠানে ৬০টি দেশের আট শ’র বেশি অংশগ্রহণকারী ৭ম বৈশ্বিক সামাজিক ব্যবসা সম্মেলনে প্রফেসর মুহাম্মদ ইউনূসের ভিডিও বার্তা উপভোগ করেছেন।
এ সময় ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক এবং গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের পক্ষে হ্যানস রেইটজকে মঞ্চে দেখা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিরিয়ান শরণার্থীরা গান পরিবেশন করেন।
