‘বাংলাদেশের শতবর্ষী নাট্যমঞ্চে নাট্যোত্সব’ উদ্বোধন

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:০৫

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের নাট্যমঞ্চ গৌরবময় শতবর্ষ অতিক্রম করেছে। নাট্যচর্চার পাশাপাশি দেশের সামগ্রিক সংস্কৃতি চর্চার ক্ষেত্রে এসব মঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। শিল্পকলা একাডেমি ‘বাংলাদেশের শতবর্ষী নাট্যমঞ্চে নাট্যোত্সব ২০১৯’ আয়োজন করেছে। দেশের ২৬টি জেলার ৩৫টি নাট্যমঞ্চে এই উত্সব অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন সংগঠনের পরিবেশনায় প্রতিটি শতবর্ষী নাট্যমঞ্চে একদিনের নাট্যোত্সব অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার বিকালে ঢাকার হাতিরঝিলের এ্যাম্ফিথিয়েটারে নাট্যউত্সবের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ ও উত্সব সমন্বয়কারী কালচারাল অফিসার সৌম্য সালেহ।

শতবর্ষী নাট্যমঞ্চগুলো হলো: নওগাঁ করোনেশন হল, কুমিল্লা টাউন হল, কুষ্টিয়া পরিমল থিয়েটার, খুলনা নাট্য নিকেতন, গাইবান্ধা নাট্যসংস্থা, গাজীপুর ভাওয়াল রাবজাড়ি নাট্যমণ্ডপ, ঝিনাইদহ করোনেশন ড্রামাটিক ক্লাব, টাঙ্গাইল করোনেশন ড্রামাটিক ক্লাব, ঠাকুরগাঁও এডওয়ার্ড মেমোরিয়াল হল, দিনাজপুর নাট্য সমিতি, নীলফামারী ডোমার নাট্য সমিতি মঞ্চ, পাবনা বনমালী ইনস্টিটিউট, বাগেরহাট টাউন হল , ফরিদপুর টাউন থিয়েটার, বগুড়া এডওয়ার্ড ড্রামাটিক মঞ্চ, অশ্বিনী কুমার টাউন হল, বরিশাল, ময়মনসিংহ আমরাবতী নাট্যমন্দির, ময়মনসিংহ টাউন হল, এল.পি মিশ্র ইনস্টিটিউট, ময়মনসিংহ, দুর্গাবাড়ি নাটমন্দির, ময়মনসিংহ, মাগুড়া টাউন হল, যশোর বি. সরকার মেমোরিয়াল হল ইত্যাদি।