প্রকাশক ফয়সল আরেফিন দীপনের হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে ২০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে গণজাগরণ মঞ্চ। এই সময়ের মধ্যে খুনিরা ধরা না পড়লে ওইদিন শাহবাগে ‘গণসমাবেশ’ থেকে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
শুক্রবার বিকালে শাহবাগে ‘মুক্তচিন্তার সংহতি সমাবেশ’ থেকে এই আল্টিমেটাম দেয়া হয়। গত শনিবার শাহবাগে জাগৃতি প্রকাশনীর মালিক দীপনকে হত্যা এবং লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে হামলা চালিয়ে প্রকাশক আহমেদুর রশিদ টুটুলসহ তিনজনকে হত্যাচেষ্টার প্রতিবাদে এই সমাবেশ করে জাগরণ মঞ্চ।
এছাড়াও ধারাবাহিকভাবে লেখক-প্রকাশক হত্যার প্রতিবাদ জানিয়ে আরো কিছু কর্মসূচি ঘোষণা করেছেন ইমরান। এগুলো হলো- ৯ নভেম্বর বিকাল চারটায় শাহবাগে সমাবেশ শেষে শহীদ মিনারের দিকে আলোর মিছিল এবং ১৩ নভেম্বর শাহবাগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করবে তারা।
সমাবেশে অন্যদের মধ্যে নারী আন্দোলনের সংগঠক আয়েশা খানম, খুশি কবির, মাহফুজা খানম, কমরেড খালেকুজ্জামান, রবীন আহসান, মাহমুদুজ্জামান বাবু, নাট্যব্যক্তিত্ব আজাদ আবুল কালামসহ অনেকে সংহতি জানান।
