ইত্তেফাক রিপোর্ট
আগামী ২০২৩ সাল নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের প্রথম ইউনিট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট বিদ্যুত্ উত্পাদনে যাবে। গত ৬ মার্চ ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত রূপপুর পারমাণবিক প্রকল্প সংক্রান্ত রুশ-বাংলাদেশ যৌথ সমন্বয় কমিটির চতুর্থ সভায় এ অভিমত ব্যক্ত করা হয়।
সভার মূল আলোচ্য বিষয় ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প নির্মাণের বর্তমান অবস্থা এবং নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। উভয় পক্ষ প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে সভায় সন্তোষ প্রকাশ করে।
রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটমের প্রথম উপ- মহাপরিচালক, অপারেশনাল ম্যানেজমেন্ট এবং রূপপুর প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর এএসই গ্রুপ অব কোম্পানীজের প্রেসিডেন্ট আলেক্সান্দা লোসকিন। অন্যদিকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্দার ইগনাতভসহ উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। জনশক্তি প্রশিক্ষণ এবং বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রপাতির ডেলিভারি সংক্রান্ত বিষয়গুলো নিয়েও সভায় বিস্তারিত আলোচনা করে উভয় পক্ষ। যৌথ সমন্বয় কমিটির সিদ্ধান্তগুলো অনুমোদিত চূড়ান্ত প্রটোকলে নথিভুক্ত করা হয়।
