ইত্তেফাক রিপোর্ট
কাজী মাহবুবউল্লাহ পুরস্কারে ভূষিত হলেন সাত গুণীজন। এ বছর একইসাথে ২০১৭ এবং ২০১৮ সালের সম্মাননা প্রদান করা হয়। ২০১৭ সালে পুরস্কারপ্রাপ্তরা হলেন সাংবাদিকতার ক্ষেত্রে অবদান রাখার জন্য গোলাম সারওয়ার, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অবদান রাখার জন্য জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী এবং শিল্প ও সংস্কৃতি (সংগীত) ক্ষেত্রে অবদান রাখার জন্য শিল্পী ফাহিম হোসেন চৌধুরী। ২০১৮ সালে পুরস্কারপ্রাপ্তরা হলেন সমাজসেবা ও সংস্কৃতির ক্ষেত্রে সৈয়দ হাসান ইমাম, খেলাধূলার ক্ষেত্রে দাবা খেলোয়াড় রানী হামিদ, বিজ্ঞানে আইসিডিডিআরবি’র পরিচালক ফেরদৌসী কাদরী এবং সাহিত্যে ইমদাদুল হক মিলন। বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্টের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি, সাংবাদিকতা, শিল্প ও সংস্কৃতি, খেলাধূলা, বিজ্ঞান এবং সাহিত্যে বিশেষ ভূমিকা রাখার জন্য তারা এ পুরস্কার পান।
গতকাল শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত এক আয়োজনে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের সদস্য ড. ইকবাল মাহমুদ এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। শুরুতে ট্রাস্টের কর্মপরিধি তুলে ধরে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের চেয়ারম্যান জোবায়দা মাহবুব লতিফ। ২০১৭ সালে পুরস্কারপ্রাপ্তদের পক্ষ থেকে কথা বলেন ফাহিম হোসেন চৌধুরী এবং ২০১৮ সালে পুরস্কারপ্রাপ্তদের পক্ষ থেকে কথা বলেন সৈয়দ হাসান ইমাম। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে একটি সনদ, ক্রেস্ট ও এক লাখ টাকা অর্থমূল্য প্রদান করা হয়। আয়োজনে প্রয়াত গোলাম সারওয়ারের পক্ষে তার জামাতা মিয়া নাঈম হাবিব এবং অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর পক্ষে তার স্ত্রী সেলিনা নওরোজ পুরস্কার গ্রহণ করেন।
