বড়াইগ্রামে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৮

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:১০

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী (নৌকা) ও বিদ্রোহী প্রার্থী মোয়াজ্জেম হোসেন বাবলুর (আনারস) সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শনিবার সকাল ও শুক্রবার সন্ধ্যায় এসব সংঘর্ষ ঘটে। এতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৮ জন আহত হন। ভাঙচুর করা হয় ১১টি মোটরসাইকেল।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় জোনাইল পাগলা বাজারে নৌকার সমর্থকেরা মিছিল করছিল। এ সময় বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা শোডাউন নিয়ে পেছন থেকে কয়েকজন মিছিলকারীকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেয়। এতে উভয়পক্ষে সংঘর্ষে বাধে। এ সময় কমপক্ষে ১১টি মোটরসাইকেল ভাঙচুর করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। আহত হয় ১৪ জন। পরে খবর ছড়িয়ে পড়লে লক্ষীকোল বাজারে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা নৌকার দুই সমর্থককে পিটিয়ে আহত করে।  এদিকে, এ সংঘর্ষের জেরে শনিবার সকালে জোনাইল বাজারে আরো দুই নৌকা সমর্থককে পিটিয়ে আহত করে বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা।

দফায় দফায় সংঘর্ষে আহতদের মধ্যে সাবেক চেয়ারম্যান আব্দুল করিম মাস্টার, জোনাইলের আওয়ামী লীগ কর্মী আসাদুজ্জামান, আনিসুর রহমান, ডা. আব্দুর রাজ্জাক, রেজা, গুলজার হোসেন, হূদয়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান জিন্নাহ, জোনাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ও জোনাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক শিবলু জানান, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে পুলিশ ভাঙচুর করা ১১টি মোটর সাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।