সিনাইয়ে রুশ বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে দুটি কার্টুনের জন্য ফরাসি ম্যাগাজিন শার্লি হেবদোর তীব্র সমালোচনা করেছে রাশিয়া। ব্যাঙ্গাত্মক ওই ম্যাগাজিনে প্রকাশিত কার্টুনগুলোকে ‘অপবিত্র’ বলে অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, ‘এতে গণতন্ত্র বা নিজের মত প্রকাশ করার কিছু নেই।’ খবর বিবিসির।
একটি কার্টুনে দেখা যায়, ইসলামিক স্টেটের (আইএস) একজন সদস্যের ওপর বিমানের ধ্বংসাবশেষ পড়ছে। এতে ক্যাপশন দেয়া হয়েছে, ‘রাশিয়ার বিমান বাহিনী বোমা হামলা তীব্রতর করেছে।’ অপর কার্টুনটিতে ভুক্তভোগীদের একটি মাথার খুলি এবং দেহের বিভিন্ন অংশ চিত্রিত করা হয়।
কার্টুনগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়ার পার্লামেন্ট (দুমা) সদস্যরাও। তারা এগুলোকে উগ্রপন্থী সাহিত্য হিসেবে গণ্য করে সরকারকে তা কালো তালিকাভুক্ত করার আহ্বান জানান এবং ফ্রান্সের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন। নিম্নকক্ষের ডেপুটি স্পিকার ইভান মেলিনিকভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘এটা কোনো ব্যাঙ্গ বরং অকথ্য উপহাস।’ তবে রাশিয়ার এই সমালোচনা নিয়ে শার্লি হেবদো কোনো মন্তব্য করেনি।
প্যারিস-ভিত্তিক এই ম্যাগাজিনটি গত জানুয়ারিতে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু ছিল। ইসলামপন্থী দুই বন্দুকধারী পত্রিকাটির অফিসের ভেতরে এর ১০ কর্মী এবং বাইরে দুই পুলিশকে হত্যা করে।
