কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনা ও পরিচালনায় গাজীপুরে শুরু হয়েছে ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরি। গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুক্রবার থেকে সাত দিনব্যাপী জাম্বুরি শুরু হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. আবদুল হামিদ ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরির উদ্বোধন করবেন। বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার (জনসংযোগ, প্রচার, প্রকাশনা ও মার্কেটিং) সারোয়ার মোহাম্মদ শাহরিয়ার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরির থিম নির্ধারণ করা হয়েছে যোগ্য নেতৃত্ব উন্নত দেশ। বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ব্রুনাই দারুস সালাম, আমেরিকা, ইংল্যান্ড, ফিলিপাইন এর স্কাউট ও কর্মকর্তা ইতোমধ্যেই জাম্বুরিতে হাজির হয়েছেন। জাম্বুরিতে এ পর্যন্ত দেশ-বিদেশের ১১ হাজার স্কাউট ও গার্লস ইন যোগ দিয়েছেন। ১৯৭২ সালে ৫৬ হাজার ৩২৫ জন সদস্য নিয়ে বাংলাদেশ স্কাউটস তার যাত্রা শুরু করেছিল।
