জয়পুরহাটে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জয়পুরহাটের পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জানান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান (৫২) কে বিশ্বাসপাড়ার নিজ বাড়ি থেকে জয়পুরহাট গোয়েন্দা পুলিশ আটক করে। এ ছাড়া আটককৃত নেতাকর্মীদের মধ্যে জয়পুরহাট সদর থানায় জামায়াতের ৬ জন ও শিবিরের ৩ জন, পাঁচবিবি থানায় জামায়াতের ৪ জন ও শিবিরের ৫ জন, ক্ষেতলাল থানায় জামায়াতের ১ জন ও বিএনপির ১ জন এবং কালাই থানায় জামায়াতের ১ জন রয়েছেন।
পুলিশ সুপার আরও জানান, ২০ দলীয় জোটের গত হরতাল-অবরোধ চলাকালে জামায়াত ও বিএনপি নেতাকর্মীরা ট্রেন, যাত্রীবাহী বাস ও ট্রাক, প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়া ছাড়াও বিভিন্ন নাশকতা করে। এসব নাশকতার ঘটনায় জয়পুরহাটের ৫টি থানায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়।
