সুবিধা বঞ্চিত শিশুদের 'তালগোল' ফুটবল টুর্নামেন্ট

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ১৭:১৬
 
সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এক ব্যতিক্রম ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে গ্লোবাল শেপার্স কমিউনিটির ঢাকা হাব।  'তালগোল' নামের এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় ঢাকার রায়েরবাজার, কামরাঙ্গির চর, জেনেভাক্যাম্প, করাইল, আবদুল্লাহপুর ও নতুনবাজারে বসবাসকারী সুবিধাবঞ্চিত ১০-১৪ বছর বয়সের সুবিধা বঞ্চিত শিশুরা। টুর্নামেন্টে ছয়টি এলাকা থেকে ১৬টি দলে ১২৮ জন ছেলে ও মেয়ে খেলোয়ার অংশ নেয়।
 
টুনার্মেন্টটি শুক্রবার ঢাকার জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। খেলায় মেয়েদের দলের মধ্যে লালহান্টার এবং ফিনিক্স ফাইনালে পৌছেছিল। সেখানে লালহান্টার টাইব্রেকারে ৩-২ ব্যবধানে বিজয়ী হয়। বিজয়ীদলের রুবিনা আক্তার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
 
ছেলেদের দলের মধ্যে জাগ্রত-৮ দল নতুন বাজার-১ দলকে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা ছিনিয়ে নেয়। বিজয়ী দলের হাসান টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়ার নিবার্চিত হয়।
 
IMG0
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায় এবং ক্রীড়া ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত উপস্থিত ছিলেন। তিনি বলেন, 'কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা একজন সুবিধা বঞ্চিত শিশু ছিল। সুতরাং বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এ ধরণের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।'
 
এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন এবং ডেপুটি হাইকমিশনার মার্ক ক্লেটন।
 
গ্লোবাল শেপার্স কমিউনিটি বিশ্ব জুড়ে নানা এলাকা ভিত্তিক 'হাব'-এর সমন্বয়ে গঠিত। এই হাবগুলো সম্ভাবনাময় এবং ব্যতিক্রমি তরুণ-তরুণীদের দ্বারা গঠিত ও পরিচালিত যারা তাদের কমিউনিটির উন্নয়নের লক্ষ্যে নিয়োজিত। এটি বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF)-এর একটি উদ্যোগ।
 
গ্লোবাল শেপার্স কমিউনিটি পক্ষ থেকে জানানো হয়, তালগোল টুনার্মেন্টের মাধ্যমে আমরা একটি Inclusive society উন্নীতকরার উদ্যোগ নিচ্ছি, যে সমাজে আর্থ সামাজিক অবস্থা নির্বিশেষে কোন শিশু ক্রীড়া বিনোদনের মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে না।