পাঠদান বন্ধ রেখে নির্মাণাধীন ভবনের ইট নামালো শিক্ষার্থীরা

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:১৫

এক শিক্ষার্থী গুরুতর আহত

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে ছাত্রদের দিয়ে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ইট নামালেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম। পরে ইট নামাতে গিয়ে নবম শ্রেণির এক ছাত্র ট্রাক্টরের চাপায় পড়ে বর্তমানে চিকিত্সাধীন রয়েছে। আহত শিক্ষার্থীর নাম মাহমুদ হোসেন (১৬)। সে মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং পদ্মকোট বাজারের চা দোকানদার হুমায়ুন আহমেদের ছেলে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটলেও ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম আহত ছাত্রের পরিবারকে পাঁচ হাজার টাকায় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে আহত মাহমুদের অবস্থা আশঙ্কাজনক হলে এ ঘটনা জানাজানি হয়।

আহত মাহমুদের বড় ভাই মেহেদী হাসান জানান, তার পাজরের হাড় ভেঙে গেছে এবং হাত ও পায়ে জখম রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্ররা ট্রাক্টর থেকে মাথায় করে ইট নামাতে গিয়ে সড়কের পাশ দিয়ে চলাচল করা অন্য একটি ট্রাক্টরে চাপা পড়ে মাহমুদ। পরে তাকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিত্সক তাকে দ্রুত কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন।

অভিযুক্ত ভারপ্রাপ্ত শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দিয়ে ইট নামানোটা আমাদের ভুল হয়ে গেছে। আহত মাহমুদের চিকিত্সার জন্য কিছু টাকা দেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী জিন্নাহ জানান, শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে ছাত্রদের দিয়ে ইট নামানো ঠিক হয়নি। ইট নামাতে গিয়ে যে ছাত্রটি আহত হয়েছে তার সুচিকিত্সার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।