কুমিল্লায় মালবাহী একটি ট্রাক ও সিএনজি চালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত তিনজন।
সোমবার দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় কুমিল্লা-লাকসাম সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার দুতিয়াপুর গ্রামের আলী মিয়ার ছেলে আবদুল অদুদ (৩০) ও বরুড়া উপজেলার বড়লক্ষ্মীপুর গ্রামের আলী আশ্বাবের ছেলে আলী আক্কাছ (৬০)।
হতাহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাকসাম থেকে সিএনজি চালিত অটোরিকশাটি কুমিল্লার উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে রতনপুর এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে ওই সিএনজিটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আবদুল অদুদ ও আলী আক্কাস মারা যান। এ সময় আহত হন আরো তিনজন।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে এনে রাখা হয়েছে, তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
