খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:১৭

খুলনা অফিস

খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিরাজুল ইসলাম ওরফে মিরাজ (২৬) নামে এক ডাকাত নিহত হয়েছে। শুক্রবার রাতে নগরীর দৌলতপুর থানার কৃষি কলেজের পেছনে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মিরাজুল ইসলাম মিরাজ ফুলবাড়িগেট জাব্দিপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, শুক্রবার রাতে নগরীর সেনপাড়া এলাকা থেকে ১০টি মামলার আসামি মিরাজকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী চুরি করা মালামাল উদ্ধারের জন্য রাত ১১টার দিকে তাকে নিয়ে কৃষি কলেজের পেছনে বড় মাঠ এলাকায় যাওয়া হয়। এ সময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তখন আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিবিনিময়ের এক পর্যায়ে মিরাজ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

ওসি জানান, নিহত মিরাজের বিরুদ্ধে একটি মাদক মামলা ও চুরি-ডাকাতির ৯টি মামলা রয়েছে।