ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
মিরসরাই (চট্টগ্রাম):মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত এবং শনিবার সকাল ৯টার দিকে বারৈয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানার এএসআই মোঃ সুমন মিয়া জানান, শুক্রবার রাত ৩টার দিকে একটি পিকআপের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক আনোয়ার হোসেন (৩১) নিহত হন। অপরদিকে শনিবার সকালে রাস্তা পার হচ্ছিলেন মোঃ কামাল (৭০)। এ সময় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
কালিয়া (নড়াইল): শনিবার দুপুরে কালিয়া-চাপাইল সড়কের বাগুডাঙ্গায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এরা হলেন— বিপ্লব ঘোষ (১৫) ও শান্ত বিশ্বাস (১৫)। দুর্ঘটনায় ট্রাকের হেলপার ও মোটরসাইকেলের অপর আরোহী আহত হয়েছেন।
নড়াগাতি থানার ওসি আলমগীর কবির দুর্ঘটনায় নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল: শনিবার সকালে বরিশাল নগরীর রূপাতলী এলাকার পল্লী বিদ্যুত্ সমিতির কার্যালয়ের সামনের মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। তার নাম রেনু বেগম (৪৬)। দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘোড়াঘাট (দিনাজপুর): ঘোড়াঘাটে শনিবার ট্রাক চাপায় আনোয়ার পারভেজ (৩৫) নামে এক প্রভাষক নিহত হয়েছেন। তিনি উপজেলার মাগুড়া গ্রামের দুদু মিয়ার ছেলে ও রাণীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উত্পাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক।
ভাঙ্গুড়া (পাবনা):ভাঙ্গুড়ায় বাসের ধাক্কায় আরিফুল ইসলাম (৩৮) নামে এক মেধাবী স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার মণ্ডতোষ ইউনিয়নের দিয়ারপাড়া মিনি বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম ওই এলাকার মোঃ তায়জুল ইসলামের ছেলে ও সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
