মিলিটারি পুলিশের ওপর হামলা, তদন্তে সেনাবাহিনী

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ২১:১০
 
ঢাকার কচুক্ষেত এলাকায় দুর্বৃত্তদের হামলায় একজন মিলিটারি পুলিশ (এমপি) আহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
 
আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মঙ্গলবার সকাল নয়টা ৪৫ মিনিটে কচুক্ষেত এলাকায় কর্তব্যরত একজন মিলিটারি পুলিশকে এক পথচারী পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ওই মিলিটারি পুলিশ সদস্য সামান্য আহত হন। কর্তব্যরত অন্য সামরিক সদস্যগণ এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে। বিস্তারিত জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।’
 
আইএসপিআরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী জানান, আর্মির পক্ষ থেকে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।