ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সন্ত্রাস হলেই পাল্টা আক্রমণ হবে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, আগামী নির্বাচনে জিততে প্রধানমন্ত্রী মোদি যুদ্ধের দামামা বাজাচ্ছেন। অন্যদিকে ভারত অভিযোগ করেছে, বালাকোটে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করে পাকিস্তান তথ্য গোপন করছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও ডনের
সন্ত্রাসীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার অঙ্গীকার মোদির :গতকাল শনিবার নয়ডার এক জনসভায় প্রধানমন্ত্রী মোদি বলেন, সন্ত্রাসীদের নিয়ে ভারত এখন নতুন পথে অগ্রসর হচ্ছে। সন্ত্রাসী হামলা হলে পাল্টা আক্রমণ। তিনি বলেন, মুম্বাই হামলার সময়ও তত্কালীন কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের পাল্টা পদক্ষেপ নেওয়া উচিত ছিল। মোদি বলেন, জানা গেছে ওই সময় আমাদের নিরাপত্তা বাহিনী হামলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। কিন্তু দিল্লির সরকার ঠান্ডা ছিল। নিরাপত্তা বাহিনীকে হামলার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু এখন ভারত নতুন রীতি এবং নতুন নীতির দিকে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, সন্ত্রাসীরা মনে করছিল, তারা হামলা চালালেও ভারত নীরব থাকবে। কিন্তু ২০১৬ সালে কাশ্মিরের উরিতে হামলার পর আমরা সার্জিক্যাল স্ট্রাইক চালাই। এর ফলে সন্ত্রাসীরা একটা শিক্ষা পেয়েছে। এদিকে একইদিনে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গত পাঁচ বছরে আমরা তিনবার সীমান্ত অতিক্রম করে সফল সেনা অভিযান চালিয়েছি। আমি আপনাদের দু’টি অভিযান নিয়ে বলব। উরিতে পাকিস্তান থেকে আসা জঙ্গিরা আমাদের সেনাদের হত্যা করেছিল। তারপরই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। পুলওয়ামাতে জঙ্গি হামলার পরও বালাকোটে অভিযান চালিয়েছিল ভারতীয় বিমান বাহিনী। কিন্তু তিন নম্বর অভিযানটি নিয়ে আমি কিছু বলতে পারবো না। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে আলোড়ন তৈরি হয়েছে। কারণ দু’টি সেনা অভিযানের কথা জানা থাকলেও তিন নম্বর কোনটি তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
মোদির সমালোচনায় ইমরান খান
প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আগামী নির্বাচনে জিততে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুদ্ধের দামামা বাজাচ্ছেন। ইমরান খান পরমাণু অস্ত্রধর দুই দেশকে যুদ্ধের দিকে ঠেলে না দিতে প্রধানমন্ত্রী মোদির প্রতি আহবান জানান। ইমরান খান শুক্রবার সিন্ধু প্রদেশে এক জনসভায় হিন্দুদের আশ্বস্ত করে বলেন, আপনাদের নিরাপত্তা দেবে সরকার। তিনি বলেন, আমরা মোদির মতো নই যিনি মুসলিমদের ওপর সন্ত্রাসের বোঝা চাপান। তিনি সতর্ক করে বলেন, প্রধানমন্ত্রী মোদি ঘৃণার রাজনীতি ছড়াচ্ছেন। প্রধানমন্ত্রী ইমরান আরো বলেন, মোদির মতো মানুষেরা এই উপমহাদেশে মুসলিমদেরকে একটি আলাদা রাষ্ট্র গঠনের দিকে ঠেলে দিচ্ছেন। অথচ মহাত্মা গান্ধী মোদির মতো ধর্মান্ধদের বিরুদ্ধে অনশন করেছিলেন। ইমরান খান আবারো বলেন, অন্য কোনো দেশে হামলা করতে সন্ত্রাসীরা পাকিস্তানের মাটি ব্যবহার করতে পারবে না।
