রাজধানীর লালমাটিয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত শুদ্ধস্বরের স্বত্বাধিকারী প্রকাশক আহমেদুর রশিদ চৌধুরী টুটুল ১০ দিনের মাথায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তবে এই হামলায় আহত কবি তারেক রহিম ও রণদীপম বসুকে আরো কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে টুটুলকে হাসপাতাল থেকে বাসায় ফেরার ছাড়পত্র দেন চিকিৎসকরা।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) খাজা আবদুল গফুর জানান, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় টুটুলকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। রাতে তার স্বজনরা তাকে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
গত ১ নভেম্বর দুপুরে লালমাটিয়ার শুদ্ধস্বর প্রকাশনা প্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে শুদ্ধস্বরের স্বত্বাধিকারী আহমেদুর রশিদ চৌধুরী টুটুল, কবি তারেক রহিম এবং লেখক ও ব্লগার রণদীপম বসু আহত হন। একই দিন প্রায় একই সময় শাহবাগের আজিজ সুপার মার্কেটে পৃথক হামলায় নিহত হন জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরেফিন দীপন। তারা বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার নিহত অভিজিত রায়ের বইয়ের প্রকাশক ছিলেন।
