ওবায়দুল কাদের কথা বলতে পারছেন

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:২১

ইত্তেফাক রিপোর্ট

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শ্বাসনালির নল গতকাল শনিবার সকালে খুলে ফেলা হয়েছে। তিনি চিকিত্সক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। তার রক্তচাপ স্বাভাবিক, হূদযন্ত্র ও কিডনি কার্মক্ষম রয়েছে। ইনফেকশন নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া নিওরোলজিক্যাল কোনো সমস্যাও নেই। শরীরের দুর্বলতা কেটে গেলে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। ওবায়দুল কাদেরের চিকিত্সায় গঠিত পাঁচ সদস্যের চিকিত্সক দলের জ্যেষ্ঠ সদস্য সিবাস্টিন কুমার সামিকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের   অধ্যাপক ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানান।

এর আগে চিকিত্সক সিবাস্টিন চিকিত্সার সর্বশেষ অগ্রগতি নিয়ে গতকাল সকালে ব্রিফ করেন। ডা. আবু নাসার রিজভী বলেন, সেতুমন্ত্রীর শরীরের সব ডিভাইস খুলে নেওয়া হয়েছে। তার লাস্ট যে এন্ডোটাকিয়াটা ছিল, সেটাও খুলে নেওয়া হয়েছে। এখন উনি সব ডিভাইসমুক্ত। তিনি বলেন, ‘উনি আজকে (শনিবার) আমার সঙ্গে কথা বলেছেন। উনার হার্ট ১০০ ভাগ স্টেবল আছে, উনার প্রেসার ঠিকঠাকমতো মেনটেইন হচ্ছে, ইনফেকশন আগে থেকে কন্ট্রোলে চলে এসেছে। কিডনির অবস্থাও অনেক উন্নতি হয়েছে। এই মুহূর্তে তার সামান্য শারীরিক দুর্বলতা এবং এই দুর্বলতা দু-একদিনের মধ্যে কাটলে উনাকে আমরা কেবিনে নিয়ে যেতে পারব।’

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই আবদুল কাদের মীর্জা, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, সড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, চিকিত্সা সমন্বয়ক অধ্যাপক ডা. আবু নাসের রিজভী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমসহ সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ।