ইত্তেফাক রিপোর্ট
বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্যান্ডোরার বাক্স থেকে এখন আসল ঘটনাগুলো বের হতে শুরু করেছে। থলের বিড়ালকে আর বেশিদিন আটকে রাখতে পারলেন না প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ‘মিডনাইট নির্বাচনের’ আসল সত্যটি এখন সিইসি মুখ ফসকেই বলে ফেলেছেন। ইভিএম চালু হলে নাকি ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তির ঝুঁকি কমবে। তাহলে জনগণের হাজার কোটি টাকা ব্যয়ে কমিশনের ইভিএম মেশিন প্রকল্পের অপরিহার্যতা প্রমাণ করার জন্যই কি সিইসি ২৯ ডিসেম্বর রাতে ব্যালট বাক্স পূর্ণ করার নির্দেশ দিয়েছিলেন? অথচ আপনি ৩০ ডিসেম্বরের রাত থেকেই সুষ্ঠু নির্বাচনের ঝুড়ি ঝুড়ি গালগল্প শুনিয়েছেন।
গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ ীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া প্রসঙ্গে রিজভী বলেন, বেগম জিয়াকে রাখা হয়েছে পরিত্যক্ত কারাগারের স্যাঁতসেঁতে কারা প্রকোষ্ঠে। প্রতিহিংসাবশত সাজা দেয়ার জন্যই মিথ্যা মামলা বানিয়ে এখন কারাগারে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। তিনি বলেন, ক্ষমতাসীনদের জন্য আধুনিক চিকিত্সার সব আয়োজনই মুহূর্তের মধ্যে সম্পন্ন হয়। আর খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলেও তাকে দিনরাত কাটাতে হয় কারাগারে। দেশের ভেতরে বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্সার অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে তাকে। তিনি মানবাধিকার থেকে বঞ্চিত, নিপীড়িত ও নির্যাতিত, বিনা চিকিত্সায় পড়ে থাকা এক অসহায় নারী। মনে হয়, এভাবে তাকে তিলে তিলে হত্যারই ষড়যন্ত্র করছে সরকার।
প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে রিজবী বলেন, ‘মিডনাইট নির্বাচনের’ হোতা আপনি। আদর্শগত শূন্যতার কারণে আপনি এতবড় অন্যায়টি করেছেন জনগণের বিরুদ্ধে। অবৈধ সরকারের ক্ষমতা চিরস্থায়ী করার নীতি বাস্তবায়ন করতেই আপনি ভোট কেলেঙ্কারির মাধ্যমে দেশের ভবিষ্যত্ রাজনীতিকে অন্ধকারাচ্ছন্ন করলেন। আপনার বক্তব্যটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকল জাতির কাছে। একদিন আমজনতার কাছে আপনাকে জবাবদিহি করতেই হবে। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সুকোমল বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
